চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৮ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তির অর্থ বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসা খানম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বড় বড় জায়গা অবস্থান করবে। তাই শিক্ষিত হওয়ার আগে সর্বপ্রথম একটা ভালো মানুষ হতে হবে।  আজকের সকল শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ৭ হাজার বা ১০ হাজার টাকা তুলে দেওয়া হবে। এটি হয়তো শিক্ষার্থীদের বিশেষ কোনো কাজে আসবেনা তবে সকল শিক্ষার্থীরা এতে উৎসাহিত হবেন।  শিক্ষার্থীদের এই কৃতিত্বে অভিভাবকদের ভূমিকা ও গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকদের প্রতি আহ্বান আপনারা আপনাদের সন্তানদের প্রতি আরো সদয় হবেন এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের  তাদের প্রতি লক্ষ্য রাখবেন তাহলেই তারা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. কে. এম সাইফুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা শিক্ষা অফিসার মোঃ আলিমুর রহমান প্রমুখ।
সভা শেষে  ২৯২ জন শিক্ষার্থীদের মাঝে ১৮ লাখ ২৬ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে  ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা, ১০৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার টাকা, ১৬ জন প্রকৌশল শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার টাকা ও ২২ জন মেডিকেল- ডেন্টাল শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা প্রদান করা হয়।  
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁন, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।