উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি মতিয়ার রহমানের কোটচাঁদপুরে সব ধরনের অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঝিনাইদহ অফিস
মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। গতকাল সোমবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি মতিয়ার রহমান বলেন, দেশের মানুষ আজ অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে। কোটচাঁদপুর-মহেশপুরের মানুষও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাজের সব ধরনের অন্যায়, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এখান থেকেই সেই অঙ্গীকারের সূচনা হওয়া উচিত।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ দায়িত্ব। সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের জবরদস্তি বা অন্যায় করা যাবে না। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়-অবিচারের কোনো স্থান এ দেশের মাটিতে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ, কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান, শাহরুজ্জামান সবুজ, জাহাঙ্গীর আলম ও ওলিয়ার রহমান।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা. তানভীর জামান প্রতিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।