স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সিলেবাসের বাইরে আসায় শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবকরা এ অভিযোগ করে সুষ্ঠ সমাধানের দাবী জানান।
অভিবাবকগণ বলেন, চলমান অর্ধ বার্ষিক পরীক্ষার গণিত সহ বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল পরিলক্ষিত হয়েছে। এসব ভুলের বিষয়ে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার হলে শিক্ষকদের নিকট সমাধান জানতে চাইলে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়নি। বরং শিক্ষার্থীদের ধমক মেরে বলে, যা জানো তাই লেখ বলে দায় এড়িয়ে গেছে বলে অভিযোগ করেন অভিভাবকগণ। এসব বিষয়ের সুষ্ঠু সমাধানের দাবিতে অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরীক্ষা চলাকালীন সময়ে অনেক অভিভাবকগণ বিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়েন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলী অভিযোগকারী অভিভাবকদের শান্ত করে তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
অভিভাবক প্রতিনিধিরা প্রধান শিক্ষকের কার্যালয়ে সমঝোতা বৈঠকে মিলিত হন। এ বৈঠকে প্রধান শিক্ষক মো: শাহজান আলী অভিভাবকদের সকল অভিযোগ শুনে লিপিবদ্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। আলোচনার এক পর্যায়ে অভিভাবকদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ হয়ে যায়। তাদের মধ্যে একটি গ্রুপ বলেন পুনরায় পরীক্ষা নিতে হবে। অন্য একটি গ্রুপ বলেন, পরীক্ষা না নিয়ে সকলকে অটো নাম্বার দিয়ে দিতে হবে। আবার অপর একটি গ্রুপ বলেন, সকলকে একরকম নাম্বার দিয়ে দিলে মেধার ক্রম যাচাই করা যাবেনা। তাই সিলেবাস এর বাইরে যে প্রশ্নগুলো এসেছে শুধুমাত্র সেইগুলোর উপর সকলের অটো নম্বর দিয়ে, সিলেবাস এর মধ্যে আসা প্রশ্নপত্রের প্রাপ্ত নাম্বারের সাথে যোগ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী প্রধান শিক্ষক হাসান আলী সহ অন্যান্য শিক্ষকগণ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যেই দাবির ভিন্নতা রয়েছে। দাবি একরকম না হলে সুষ্ঠু সমাধান করা যাবে না। তাই আপনাদের অভিযোগ ও দাবির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনাদের সন্তানদের কোন ক্ষতি হোক এমন কোনো কাজ করা হবে না। এই আশ্বাসে অভিভাবকগণ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় ত্যাগ করেন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে আসায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা



