আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার শেখপাড়ায় গভীর রাতে এক গৃহকর্তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে গরু বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ওই গৃহকর্তা। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্তার মিস্ত্রী (৪৫) ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ৪ থেকে ৫ জনের মুখোশধারী দুর্বৃত্ত আক্তার মিস্ত্রীকে নাম ধরে ডাক দেয়। পরিচিত কেউ এসেছে মনে করে তিনি দরজা খুলতেই দুর্বৃত্তরা তাকে লাথি মেরে মেঝেতে ফেলে দেয়। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে। একপর্যায়ে তার মুখে গামছা গুঁজে দিয়ে ঘরের পিলারের সঙ্গে হাত-পা বেঁধে ফেলে।
এরপর দুর্বৃত্তরা ঘরের একটি বাক্স ভেঙে সম্প্রতি গরু বিক্রি করে রাখা নগদ ৪০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীদের সবার পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিল। মুখ গামছা দিয়ে ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
শেখপাড়া গ্রামের ইউপি সদস্য সাঈদ জানান, রাত প্রায় ১২টার দিকে ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সে সময় পাশেই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ জড়ো ছিলেন। তাদের নিয়ে আশপাশের মাঠ ও বিভিন্ন স্থানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও দুর্বৃত্তদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে আহত আক্তার মিস্ত্রীকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। চিকিৎসকদের মতে, তার শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
আলমডাঙ্গায় অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে গরু বিক্রির ৪০ হাজার টাকা লুট



