জীবননগরে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগরে পবিত্র হজ্ব পালনকারী হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এ বছর হজ পালন করে দেশে ফেরা নতুন ৩০ জনসহ প্রায় ২৫০ জন হাজী অংশগ্রহণ করেন। শনিবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ জামে মসজিদে আল মিজান হজ্ব ও উমরাহ সার্ভিসের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। আল মিজান হজ্ব ও উমরাহ সার্ভিসের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মিজানুর রহমান।
আয়োজকরা জানান, এ বছর হজ পালন শেষে দেশে ফেরা নতুন ৩০ জন হাজীসহ প্রায় ২৫০ জন হাজী সম্মেলনে অংশ নেন। এ সময় হজের তাৎপর্য, হজ-পরবর্তী জীবন পরিচালনা, ইসলামী মূল্যবোধ চর্চা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল মিজান হজ্ব ও উমরাহ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জাহাঙ্গীর, ব্যবস্থাপক আলহাজ্ব হাফেজ মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মাখলুকাত জামান রুবেল, আলহাজ্ব সোলাইমান হোসেন রিপন, আলহাজ্ব আরাফাত ওমর।
সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক হাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।