আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তাজমুল ইসলাম ফাসু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজমুল ইসলাম ফাসু আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়া গ্রামের আসাবুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়ার এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা সেন্টু আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি হাসিবুর রহমান ও এএসআই সানোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স স্থানীয় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত তাজমুল ইসলাম ফাসুকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত তাজমুল ইসলাম ফাসুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।



