স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সওজ অধিদপ্তরের হাইওয়ে মাষ্টার প্লান ২০৪০ হালনাগাদ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
অংশীজন সভায় চুয়াডাঙ্গা সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম মাষ্টার প্লান বিষয়ে কি নোট উপস্থাপন করেন। সভায় জানানো হয় সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ২০৪০ সালে সারা দেশে ৪৯৬.৫ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে উন্নীত, ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে ও ১১ টি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
হাইওয়ে মাষ্টার প্লানে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ভায়া আলমডাঙ্গা ৪২.৯৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক আগামী ৫ বছরের মধ্যে নির্মাণ করা হবে। একইসাথে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ ভায়া জীবননগর ৩০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক আগামী ১০ বছরে ও আলমডাঙ্গা-আমতলী ৩৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক আগামী ২০ বছরের মধ্যে নির্মাণের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।
অংশীজনদের সাথে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র, বিআরটিএ সহকারী পরিচালক লিটন কুমার দাস, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গাবাসীর প্রধান সমস্যা হচ্ছে বাইপাস সড়ক না থাকা। দীর্ঘদিন ধরে বাইপাস সড়ক নির্মাণের কথা থাকলে সেটা কার্যকর হয়নি। এ কারনে জেলাবাসীর দূর্ভোগ চরমে উঠেছে। সরকারের নেয়া হাইওয়ে মাষ্টার প্লানে বাইপাস সড়ক থাকা জরুরী। এছাড়া পৌর শহরে রেলবাজার রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। অতি দ্রুত ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন বক্তারা।
সওজের কর্মকর্তারা জানান, নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সওজের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মি।
চুয়াডাঙ্গায় সওজের হাইওয়ে মাষ্টার প্লান ২০৪০ হালনাগাদ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত



