আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার আমেনা নবী প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। গতকাল রবিবার তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম, পরিচর্যা ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সরকার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উপস্থিত বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিরাপদ, সহানুভূতিশীল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতাও জরুরি।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইউএনওর এ সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানায়, প্রশাসনের এমন আন্তরিকতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আরও মানবিক ও সহমর্মিতাপূর্ণ হবে।



