স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার রেল ক্রসিং এলাকা থেকে বিশেষ অভিযানে ৪৯৬ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে একটি ইজিবাইকে বসা অবস্থায় জালাল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার আলতাপ হোসেন মালিতার ছেলে।
অভিযানকালে তার ডান পাশে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা একটি নষ্ট স্ট্যাবিলাইজারের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদক নির্মূল ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
চুয়াডাঙ্গায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেফতার



