সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে ৩ মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

পদ্মবিলা প্রতিনিধি


চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনা এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই ওহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানকালে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার নফরকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিলন (২৪), একই গ্রামের আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আসমান আলী (২৩) এবং ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকার জাহিদ হাসান (২৬)।
পরে তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা কামালের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকরের জন্য তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদকের বিস্তার রোধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।