আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থী জুবায়েরের মর্মান্তিক মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল-বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুবায়ের হোসেন বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। মেধাবী ও শান্ত স্বভাবের এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, গ্রিলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুবায়েরের বন্ধু শাকীল জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বন্ধু-বান্ধব ও স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে যান। কিন্তু ততক্ষণে তাদের প্রিয় বন্ধু পৃথিবীর মায়া ত্যাগ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। এদিকে, জুবায়েরের অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজন, সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।