সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে প্রকৃতির জন্য নতুন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল প্রাঙ্গণে ২শ’ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথিরা।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ.স.ম আব্দুর রউফের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ভারসাম্যহীনতা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশেষ করে শহরাঞ্চলে বৃক্ষনিধন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সবুজের পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। এমন বাস্তবতায় বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষনা দিয়েছেন এবং কর্মসূচি শুরু হয়েছে। এর সাথে বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগ ব্যাপক সময়োপযোগী ও প্রশংসনীয়। অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয়রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ুক।
এসময় রাহেলা খাতুন গার্লস একাডেমির শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা জানান, তারা নিজ বাড়ির আঙিনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় এসব চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে। শিক্ষার্থীদের মতে, একটি গাছ বড় হয়ে ওঠা দেখার মধ্যেও রয়েছে আলাদা আনন্দ এবং দায়িত্ববোধের শিক্ষা। পরে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথি ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সেলিম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারন সম্পাদক সুমন পারভেজ, কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব, রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কমিটির উপদেষ্টা জামান আখতার, জিসান আহমেদ, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা রানা, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাকিব বিশ্বাস, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সদস্য নাফিস আহমেদ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।