জাতীয় পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাসরি উপভোগ করল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় মঞ্চ ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর  উপজেলা অডিটোরিয়ামে ফাইনাল ফুটবল খেলাটি সরাসরি উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, সারা দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ চারটি দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়। গতকাল শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই আকর্ষণীয় ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালিকা বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ঘরে তুলেছে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের দিকনির্দেশনা ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ও আনন্দঘন ফাইনাল খেলাটি উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।  এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, মির্জা শহিদুল, আবদুল্লাহ আল শামীম, জেলা শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।