আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় কৃষকদের মাঝে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিতকরণ, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
এসময় বলেন তিনি বলেন কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের সময়মতো ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি কিংবা মজুদদারির মতো অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিসিআইসি ডিলার সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ, ডিলার আব্দুল বারী, এনামুল, দেলোয়ার, জব্বার, সাইফুল ইসলামসহ উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি সার ডিলার।
অনুষ্ঠান শেষে কৃষকদের স্বার্থে সারের সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলমডাঙ্গায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত



