— কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল
রক্তের প্রয়োজনীয়তা সাধারণত তখনই উপলব্ধি হয়, যখন কোনো প্রিয়জন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে। বিশ্ব রক্তদাতা দিবস আমাদের সেই মানবিক দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়—একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত আরেকজন মানুষের জীবনের নতুন সম্ভাবনা হয়ে উঠতে পারে।
কিছুদিন আগে নিউটন নামের এক ব্যক্তি তার প্রতিবেশী এক মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অল্প কিছুদিনের মধ্যেই তার গর্ভবতী স্ত্রীর জন্য জরুরি ভিত্তিতে ও-নেগেটিভ রক্তের প্রয়োজন দেখা দেয়। হাসপাতালের নিয়ম অনুযায়ী এক ব্যাগ রক্তের বিপরীতে এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে হবে। কিন্তু নিউটন ইতোমধ্যে রক্তদান করায় তাৎক্ষণিকভাবে আবার রক্ত দিতে পারছিলেন না। দূরবর্তী জেলার বাসিন্দা হওয়ায় পরিচিত মানুষের সহায়তাও তিনি পাননি। স্ত্রীর অবস্থা ছিল সংকটাপন্ন, পরিবারটি তখন চরম উৎকণ্ঠায় দিন পার করছিল।
ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন এক ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী—শাকিলা। তার স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত শুধু একটি চিকিৎসা-প্রক্রিয়া সম্পন্ন করেনি; এটি নিউটনের পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছিল। সুস্থ মা ও নবজাতকের হাসিমুখ যেন সেই রক্তদানেরই জীবন্ত প্রতিদান।
দুঃখজনক হলেও সত্য, রক্তদান নিয়ে এখনও সমাজে নানা ভ্রান্ত ধারণা ও অজ্ঞতা বিদ্যমান। অনেক সুস্থ মানুষ রক্ত দিতে সক্ষম হলেও অকারণ ভয়, কুসংস্কার বা অনাগ্রহের কারণে এগিয়ে আসেন না। অথচ একজন নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা বছরে কয়েকবার রক্ত দিয়ে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারেন।
এক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা এবং সময়োপযোগী যোগাযোগব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। ‘বন্ধন’, ‘সন্ধানী’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন এবং পেশাজীবী গ্রুপগুলোও সহজেই নিয়মিত রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
বিশেষত সমকালীন সময়ে এসএসসি ব্যাচভিত্তিক গ্রুপগুলো নানা চমকপ্রদ আয়োজনের পাশাপাশি জীবন বাচাতে রক্তদান কর্মসূচি অন্তর্ভুক্ত করলে তা হবে তাদের বন্ধু বাৎসল এক অনির্বাণ কর্মসূচি, নিজেদের পরিবার ও পারস্পরিক বিপদেআপদে বন্ধু কমিউনিটির উদ্যোগ হতে পারে অনুকরণীয় পরমপরা।
বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের অঙ্গীকার হোক রক্তদানকে মানবতার সবচেয়ে সহজ, নিরাপদ এবং মহৎ সামাজিক আন্দোলনে পরিণত করা। কারণ, কারও কাছে এক ব্যাগ রক্ত হয়তো সামান্য; কিন্তু অন্য কারও কাছে সেটিই হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশ্রয়।



