স্টাফ রিপোর্টার
দামুড়হুদা ও দর্শনা থানায় ৩০০ জন দুস্থ মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহিন আলম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ২২৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, আমরা সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ও অন্যতম অঙ্গীকার। তিনি মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী , উপজেলা সেক্রেটারি আবেদ -উদ- দৌলা টিটন, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার অডিটোরিয়ামে দর্শনা থানার গড়ুই টুপি, তিতুদহ, বেগমপুর ও নেহালপুর ইউনিয়নের ৭৫ জন দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সদর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসাইন, জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, জামায়াতের দর্শনা থানার প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আমিনুল ইসলাম এবং কৃষক শ্রমজীবী ইউনিটের জেলা সেক্রেটারি আবুল কালাম প্রমুখ।
আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী, এমপি মহোদয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দামুড়হুদা উপজেলা ২২৫ জন ও দর্শনা থানার ৭৫ জনসহ মোট ৩০০ জন উপকারভোগীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
দামুড়হুদা ও দর্শনায় ৩০০ জন দুস্থ মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি রুহুল আমিন



