আলমডাঙ্গা পৌর শহরে যত্রতত্র গরুর বিচরণ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের নিত্যদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনাও যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সড়কে গরুর অবাধ বিচরণ বন্ধে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ীভাবে কার্যকর করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, গরুর মালিকদের তদবির ও বিভিন্ন প্রভাবের কারণে পৌরসভার উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে পৌর শহরের বিভিন্ন সড়কে শতাধিক গরু অবাধে বিচরণ করছে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশা, পাখিভ্যানসহ বিভিন্ন যানবাহনের সঙ্গে গরুর সংঘর্ষ প্রায়ই ঘটে। কোমলমতি শিশুরা রাস্তার পাশে হেঁটে চলাচল করতে ভয় পায়। সড়কের দুই ধারের দোকানদাররাও সারাক্ষণ আতঙ্কে থাকেন।
তাদের অভিযোগ, এসব গরুর মালিকরা প্রকাশ্যে সামনে না এলেও প্রতিদিন একই নিয়মে গরু ছেড়ে দেন। সকালে গোয়ালঘর থেকে গরু ছেড়ে দেওয়া হয়, আর রাত গভীর হলে মালিকরা সেগুলো বাড়িতে নিয়ে যান। অনেক সময় গরুর পাল সড়কের পাশে বা মাঝখানে শুয়ে থাকে, যা যান চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করে। কয়েকজন দোকানদার বলেন, ভাসমান এসব গরু দোকানের সামনে রাখা ফলমূল, সবজি ও কলা খেয়ে ক্ষতি করে। এতে ব্যবসায়ীদের আর্থিক লোকসান গুনতে হচ্ছে।
পথচারীদের অনেকে জানান, গরুর প্রতি অনেক মানুষের, বিশেষ করে শিশুদের ভয় রয়েছে। ফলে সড়কে চলাচলের সময় তারা অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভোগেন।
সুধীজনের দাবি, পৌরসভা মাইকিংয়ের মাধ্যমে গরুর মালিকদের সতর্কবার্তা প্রদান, নিয়মিত অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় বিধিনিষেধ কার্যকর করলে সমস্যাটির দ্রুত সমাধান সম্ভব হবে। তারা জনস্বার্থে পৌর কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।