দামুড়হুদায় সরকার বিরোধী অপশক্তির বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় সরকার বিরোধী সকল অপশক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকালে দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিৎলা থেকে হাতিভাঙ্গা সড়কের ঝাওবিবি মাঠ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং সকল অপশক্তির বিরুদ্ধে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। গতকাল সেমাবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন স্লোগানে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে কোনো ভাটা পড়েনি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সলেমান মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান ঝন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে মশাল মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও শান্ত পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। বক্তারা আররো বলেন, যারা দেশের স্থিতিশীলতা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, কোনো অপশক্তিকেই জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে আগুন নিয়ে মিছিল করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান ঝন্টু বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠন অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। সকল অপশক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।