স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে দেশের ৩টি জেলায় ৩ জনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্য জেলা দুটির প্রশাসকরা হলেন সাতক্ষীরা মোঃ হাবিবুল ইসলাম হাবিব ও সিরাজগঞ্জের মোঃ সাইফুল ইসলাম।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় দলীয় নেতা কর্মিদের মধ্যে আনন্দ উৎসব দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়েছেন। গত দুই দিন ধরে শরীফুজ্জামান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাচ্ছেন এটা ছিলো আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। অবশেষে গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ চুড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক মো. শরীফুজ্জামানকে জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আরও বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি-বিধান অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।
প্রসংগত: জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মো. শামসুজ্জোহা ও সাহিদা বেগমের ছোট ছেলে। তারা ৪ ভাই ও ২ বোন। শরীফের পৈতৃক নিবাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন। দুঃসময়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় অবস্থানে ছিলেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় ইতোমধ্যেই জেলায় উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষেরা সন্তোষ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ জেলা বিএনপি এবং সাধারণ মানুষেরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। জেলার উন্নয়নমূলক কাজে নবনিযুক্ত এ প্রশাসক অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন জেলাবাসী
চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান শরীফ



