মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে বারাদি ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
মেহেরপুরে বিএনপি নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি ও চিরকুট উদ্ধার



