আলমডাঙ্গা অফিস
হারানো শৈশব আর কৈশোরের সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানটি একপর্যায়ে স্থানীয় রাজনীতির সমীকরণে এক নতুন মাত্রা যোগ করে। আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে উক্ত ব্যাচের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী ব্যবসায়ী ও উপজেলা বিএনপি নেতা হাসিবুল হক লিপুর প্রতি সর্বসম্মত সমর্থন ও নির্বাচনে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর সহপাঠীরা।
রোববার (৩১ মে) আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে। একে অপরকে বুকে জড়িয়ে নেওয়া, কুশল বিনিময় আর সেলফি-ছবি তোলার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও আড্ডার পাশাপাশি স্থানীয় নানা সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে এই সভায় বক্তারা আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, আলমডাঙ্গা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়তে সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। সেই লক্ষ্যে ১৯৯৬ ব্যাচের বন্ধু হাসিবুল হক লিপু একজন যোগ্য প্রার্থী।
বক্তারা আরও বলেন, হাসিবুল হক লিপু দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নাড়ির টানে বারবার এলাকায় ছুটে এসেছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। একজন সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি পৌরবাসীর মনে স্থান করে নিয়েছেন। তাই আসন্ন নির্বাচনে তাঁর মতো একজন জনকল্যাণমুখী মানুষকে মেয়র হিসেবে দেখতে চান তারা। সভায় উপস্থিত সকল সদস্য হাত তুলে হাসিবুল হক লিপুর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণাসহ সার্বিক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বন্ধুদের এমন অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত হয়ে পড়েন পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকল সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বন্ধুদের এই সমর্থন আমার জন্য এক বিশাল শক্তি ও অনুপ্রেরণা। আলমডাঙ্গা পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার আদায়, জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করতে আমি কাজ করে যাবো। আপনাদের এবং পৌরবাসীর দোয়া ও সহযোগিতা থাকলে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”
উক্ত মিলনমেলা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ব্যাচের অগ্রগামী সদস্যবৃন্দ।
স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, গ্রুপ ছবি তোলা এবং এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন এই মিলনমেলার সমাপ্তি ঘটে।



