আলমডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত কলা ব্যবসায়ী অচেতন দৈনিক আজকের চুয়াডাঙ্গা’র ফেসবুক পেজে পোস্ট দেখে পরিচয় সনাক্ত

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা গরুর হাট থেকে চুয়াডাঙ্গা ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার ছবি দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ফেসবুক পেজে প্রকাশিত হলে তার পরিবারের স্বজনরা চিনতে পেরে তার পরিচয় সনাক্ত করেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভুক্তভোগীর নাম হোসেন আলী (৪৩)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোরাই গ্রামের শাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলী আলমডাঙ্গা হাট থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ‘মতিন ট্রাভেলস’ (ঢাকা মেট্রো-ব ১৪-৭৬৩৪) নামক একটি বাসে ওঠেন। পথিমধ্যে বাসের ভেতরেই অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে রাখে। পরে বাসের চালক বিল্লাল (৩২) ও হেল্পার সুমন (১৯) তাকে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে নামিয়ে দিয়ে যান। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ সদস্য এএসআই ইলিয়াস ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পরপরই তার একটি ছবি দৈনিক আজকের চুয়াডাঙ্গার পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা হলে পোস্টটি দেখতে পান তারই ভাতিজা শাহেদ আলী। আক্রান্ত ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার ভাতিজা সাহেদ আলী মুঠো ফোনে জানান, যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তিনি আমার কাকা। তার নাম হোসেন আলী। তিনি একজন কলা ব্যবসায়ী। তবে ঠিক কী কারণে বা কেন তিনি আলমডাঙ্গায় গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, আপনাদের পত্রিকার অনলাইন ফেসবুক পেজে দেওয়া পোস্ট দেখে আমরা খবর পাই যে আমার কাকা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। পরিচয় সনাক্তের পর তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে হোসেন আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা যায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।