স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শহরের পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো কার্যক্রম মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চুয়াডাঙ্গায় সন্ত্রাস ও মাদকের কোনো স্থান নেই। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তেয়ার হোসেন ইরোন ও শাহাবুদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, জেলা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বরদাশত করা হবে না। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে, যা আইন ও শৃঙ্খলার জন্য হুমকি।



