আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার অর্থায়নে পথকুকুরের জন্য ভ্যাকসিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক প্রতিরোধে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা পথকুকুরকে পর্যায়ক্রমে টিকাদানের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা রাকীবুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহামুদুল হক, জীব ও বৈচিত্র্য সংরক্ষণের আহ্বায়ক মাহমুদুল হাসান এবং পৌর টিকাদান সুপারভাইজার লিমন হোসেন।
সভায় পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, পরিকল্পিতভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পথপ্রাণীর সুরক্ষাও নিশ্চিত করা যাবে।খুব শিগগিরই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে পৌর বাসিন্দারা জানান এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার হবে, অন্যদিকে প্রাণী কল্যাণেও ইতিবাচক প্রভাব পড়বে।
আলমডাঙ্গায় পথকুকুরে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন ক্রয়ের উদ্যোগ



