আলমডাঙ্গায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আলমডাঙ্গা মহিলা কলেজে অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পাশের প্রতিযোগিতার বাইরে গিয়ে মেধা ও মনন বিকাশের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল এবং সেক্রেটারি মামুন রেজা প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।