উথলীতে বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান রাঙা মিয়ার দাফন সম্পন্ন

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসান বিশ্বাস ওরফে রাঙা মিয়া (৮৬) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব সালাহউদ্দিন চপল, সাবেক জজ শরিফ মিয়া, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আশরাফ আলী, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, মরহুমের জামাতা মুক্তার আলী এবং একমাত্র ছেলে দেবাশীষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আবুল হাসান রাঙা মিয়া গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১টায় ইন্তেকাল করেন। মঙ্গলবার ভোরে তার মরদেহ নিজ গ্রাম উথলীতে পৌঁছায়। তিনি চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি উথলী গ্রামের মৃত এরশাদ আলী বিশ্বাসের ষষ্ঠ সন্তান ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।