মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। উপ-সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) এর পোষ্য এক ব্যক্তির মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি ভূমি অফিসের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে উপসহকারি ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান চেয়ারে বসে কাজ করছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন টিশার্ট পরা এক যুবক। এই যুবকের নাম তাহিদ হোসেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের বাসিন্দা। ভূমি অফিসে কাজ নিয়ে আসা মানুষদের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, এই আসাদুজ্জামানের কাছে টাকা ছাড়া কোন কাজই হয় না। খাজনা-খারিজ থেকে শুরু করে কোন কাজ নিয়ে গেলেই তিনি আগে চুক্তিতে বসেন। মৌখিক দর কষাকষি শেষে পছন্দের ফিগারের টাকা দিলেই তবে তিনি কাজে হাত দেন। এছাড়া কোন কাজ তিনি করেন না। যারা ঘুষ দিতে অপারগ তাদেরকে ঘুরতে হয় মাসের পর পর। শেষ পর্যন্ত তারাও টাকা দিয়েই কাজ করিয়ে নেন। টাকা গ্রহনের এই ভিডিও গোপনে ধারণ করে কেউ ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন ব্যক্তির কাছে ম্যাসেঞ্জারে দেওয়া হয়েছে ভিডিও।
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আসাদুজ্জামান বলেন, ভিডিওটি আমি দেখেছি, সেখানে যে যুবককে দেখা যাচ্ছে সে অফিসের কেউ না। তবে মাঝে মধ্যে আমাকে সহযোগীতা করার জন্য অফিসে আসেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল



