দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা কলেজ মোড় এলাকায় গভীর রাতে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী নিশান মিয়া (৩৮) হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের মতো রাত আনুমানিক ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান নিশান মিয়া। পরে রাত ১১টার দিকে দোকানটি একবার দেখে গেলে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু গভীর রাতে অজ্ঞাত চোরচক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে দোকান খুলতে এসে ভাঙা তালা ও এলোমেলো অবস্থা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। তার দাবি, এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নতিপোতায় তালা ভেঙে মুদি দোকানে চুরি



