দামুড়হুদায় ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক লাঞ্ছিত, এলাকায় চাঞ্চল্য

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হুদাপাড়া এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ ওঠায় তাকে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নুরুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা এবং হুদাপাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রামের এক মাদ্রাসা ছাত্রকে কয়েক মাস আগে নুরুল ইসলাম বলাৎকার করেন—এমন অভিযোগ ওঠে। সম্প্রতি ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। গত রবিবার রাতে ছাত্রের স্বজনরা বিষয়টি স্থানীয়দের অবহিত করলে উত্তেজিত জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে কক্ষ থেকে বের করে জনসম্মুখে লাঞ্ছিত করে। এসময় তার গলায় জুতার মালা পরানো হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয় বলে জানা গেছে। পরে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়।
ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু স্থানীয় বাসিন্দার দাবি, নুরুল ইসলাম পূর্বে বিভিন্ন মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন এবং পরবর্তীতে শিক্ষক হিসেবে যুক্ত হন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে বলে তারা জানান। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম। তিনি দাবি করেন, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রের পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।