মেহেরপুর অফিস
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মেহেরপুর জেলা বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এ রুটের সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে গোল্ডেন ট্রাভেলসের একটি বাস ছেড়ে যায়। বাসটি আমঝুপি বাজারে পৌঁছুলে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পরিবহন শ্রমিকরা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় এবং পরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা বলেন, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে।
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য চলছে বাস ধর্মঘট



