জীবননগরে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও অবৈধভাবে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানকালে উথলী এলাকার বেকারি, হোটেল, ফার্মেসি এবং সার ও বীজের দোকানে তদারকি করা হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অপরাধে যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো: আব্দুল কাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি এবং ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মেসার্স রানা ট্রেডার্স এর মালিক মো: জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালীন বাজারে পণ্য ও ঔষুদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, বীজ ও শিশুখাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।