গাংনীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসাধীন

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতা মুকুল হোসেনকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ভোরে সাহারবাটি গ্রামের কাশেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল হোসেন প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন। এদিন কাশেমের মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, মুকুল হোসেনের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।