আলমডাঙ্গায় তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পুলিশ সদস্যকে জরিমানা থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পুলিশ সদস্য তৌহিদুল ইসলামকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান আপিল শুনানি শেষে গত রোববার এই আদেশ প্রদান করেন। এর ফলে দীর্ঘ বিতর্কের পর আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হলেন ওই পুলিশ সদস্য।
গত ১৬ এপ্রিল আলমডাঙ্গার একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল সংগ্রহ করতে যান পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম। জরুরি পরিষেবার গাড়ি হওয়ায় তিনি সিরিয়ালের বাইরে তেল সংগ্রহ করছিলেন। তবে সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহ ‘সিরিয়াল ভাঙার’ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন।
এই ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের এক বিবৃতিতে জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকল্প লাইনে তেল নেওয়ার অধিকার রাখে। সেই অধিকার থাকা সত্ত্বেও একজন পুলিশ সদস্যকে দণ্ডিত করা অনভিপ্রেত। পুলিশের পক্ষ থেকে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়। মূল নথি পর্যালোচনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাঁর আদেশে স্পষ্ট উল্লেখ করেন যে, পুলিশ সদস্য তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসর করা হয়নি। আদালত বলেন: “ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪২৩ ধারা মোতাবেক আপিলকারীর আবেদন মঞ্জুর করা হলো এবং ১৬ এপ্রিলের সেই বিতর্কিত আদেশ বাতিল করে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।”
তবে টেকনিক্যাল কারণে জরিমানার ৫০০ টাকা ফেরত দেওয়ার বিষয়টি এই আদালতের এখতিয়ারভুক্ত নয় বলে জানানো হয়েছে। এই আদেশের মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের মধ্যে তৈরি হওয়া চাপা উত্তেজনার অবসান ঘটবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।