চুয়াডাঙ্গা থেকে ৩৪ জনকে নিয়ে মৌসুমের প্রথম হজ্জ কাফেলার যাত্রা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা থেকে ৩৪ জনকে নিয়ে মৌসুমের প্রথম হজ্জ কাফেলার যাত্রা শুরু হয়েছে। গতকাল থেকেই সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ঢাকা ত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা থেকে চলতি মৌসুমের প্রথম কাফেলা হিসেবে যাত্রা শুরু করলো। গতকাল শনিবার বাদ জোহর চুয়াডাঙ্গা শহরের থানা মসজিদ প্রাঙ্গণ থেকে ৩৪ জন হজযাত্রী নিয়ে কাফেলাটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। সেখান থেকে তাঁরা সৌদি এয়ারলাইন্সের  ফ্লাইটে পবিত্র ভূমি মক্কার  উদ্দেশ্যে যাত্রা করবেন।
রওনার আগে থানা মসজিদ প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হজযাত্রী ও তাঁদের স্বজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে হজযাত্রীদের নিরাপদ সফর ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
হজ কাফেলার পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম বলেন, সারাদেশে গতকাল থেকে হজের ফ্লাইট শুরু হলেও চুয়াডাঙ্গা জেলা থেকে আজই প্রথম কোনো কাফেলা রওয়ানা হলো। আলহামদুলিল্লাহ, আমরা ৩৪ জন হাজি নিয়ে প্রথম ফ্লাইটেই যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। হাজিদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, রফিকুল ইসলাম লিটন, হাজী আনিসুর রহমান, হাজী মুজাফফর, তারিক প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।