সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এ নিয়োগ কার্যক্রমের সূচনা হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ডেভেলপমেন্ট) ইব্রাহিম খলিল এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিএম-৩) বি.এম. শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মেহেরপুরের মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঝিনাইদহের মো. মোসফেকুর রহমান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. মো. সাজিদ হাসান এবং বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা নিয়োগ পাবেন। তিনি প্রার্থীদের কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান এবং নিজ যোগ্যতার ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
তিনি আরও জানান, যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হবেন, তারা পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।