ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আইন বিভাগের ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। গতকাল  শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ উপলক্ষে আইন বিভাগের ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়, যারা বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন নিয়ে আইন পেশায় অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ষবরণ সংগীত ও বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বর্ণিল আলপনার ওপর আয়োজিত মনোমুগ্ধকর গ্রুপ নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দুপুর ২টায় চুয়াডাঙ্গা জজ কোর্টে আইন পেশায় অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৬ জন সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—মুন্সী মোহাম্মদ সিরাজুল ইসলাম, আশিকুর রহমান (রাজ), মো. শামীম ইকবাল সুমন, মোছা. সোনিয়া শারমিন, কাজী জাহাঙ্গীর হোসেন, মো. তৌসিফ হোসেন, মো. আবু উবাইদুল্লাহ (শিহাব), মো. রোকনুজ্জামান (রোকন), মোছা. মানিয়া আক্তার, মো. তৌফিক আহমেদ (রিজভী), মো. ইমদাদুল হক (জুয়েল), কানিজ ফাতেমা (বৃষ্টি), এম. এ. করিম, শামীম শাহরিয়ার (তপু), মোছা. রোকসানা আক্তার (জুঁই) ও মো. রাফায়েতুল কবীর হিমেল।
এ সময় উপাচার্য, পরিচালক (অর্থ), রেজিস্ট্রার এবং আইন বিভাগের শিক্ষক ও জজ কোর্টের অ্যাডভোকেট তুহিন আহমেদ সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তফা এবং আইন বিভাগের শিক্ষার্থী তামান্না। অনুষ্ঠানের আলপনা, সাজসজ্জা ও কোরিওগ্রাফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষার্থী স্বাগ্নীক ধর মুগ্ধ (আইন), সিহাব আলী খান (বিবিএ), জুবায়ের আফনান (সিএসই), সাঈদ আল সাহাফ (বিবিএ) এবং মেহজাবীন ইসলাম কথা (ইংরেজি)। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও ব্যান্ড দলের পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।