নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গাফিলতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান নিয়ে সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।


পরিদর্শনকালে এমপিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সড়কটি মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই সড়কটিকে চলাচলের অনুপযোগী করে তুলতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সড়ক নির্মাণে মান বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।