জীবননগর অফিস
জীবননগর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুইজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ৩০ লিটার ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে তেল মজুদের অপরাধে পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে উপজেলার বালিহুদা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে আতিয়ার রহমানকে ৫০০ টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, অবৈধভাবে ডিজেল মজুদের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবিসহ প্রশাসনের যৌথ উদ্যোগে (টাস্কফোর্স) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এবং বিজিবির সদস্যরা। প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জীবননগরে টাস্কফোর্সের অভিযানঅবৈধ তেল মজুদে পাম্প ম্যানেজারসহ দুইজনের কারাদণ্ড



