কোটচাঁদপুরে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল কাজলবিচার বিভাগের স্বাধীনতা ও জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঝিনাইদহ অফিস
রাষ্ট্রের নাগরিক হিসেবে দেশের স্বার্থে সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে এবং বর্তমান সরকার সেই চেতনারই বহিঃপ্রকাশ। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল কাজল বলেন, প্রযুক্তির এ যুগে এআই ব্যবহার করে কয়েক সেকেন্ডেই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হলেও বাস্তব পরিস্থিতি সহজে বদলানো যায় না। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম দীর্ঘ বক্তব্যের আংশিক অংশ কেটে সংক্ষিপ্ত করে প্রচার করছে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে। অপপ্রচার পরিহার করে বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ একটি ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল এবং সরকার সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে জুলাইয়ের যোদ্ধাদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছেন। রায়ে অসন্তুষ্ট পক্ষের আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে। সরকার কিংবা আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আদালতের শরণাপন্ন হওয়াই উচিত।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, মডেল থানার অফিসার ইনচাজ আসাদউজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেএমএইচ কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর খান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।