হাটবোয়ালিয়া ফুটবল মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়অল্প বৃষ্টিতেই খেলাধুলা বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ছে। এতে স্থানীয় শিক্ষার্থী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
পুরো এলাকায় ঘুরে দেখা গেছে, হাটবোয়ালিয়া বাজারে কার্যকর কোনো ড্রেনের ব্যবস্থা না থাকায় এবং হাটবোয়ালিয়া খেলার মাঠটি রাস্তা থেকে নিচু হওয়ার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই বাজারের পানি জমে পাশের হাটবোয়ালিয়া খেলার মাঠে প্রবেশ করে। ফলে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে কাদায় পরিণত হয় এবং দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় মাঠটি খেলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাটবোয়ালিয়া ফুটবল মাঠটি এলাকার শিক্ষার্থী ও তরুণদের একমাত্র বড় খেলার মাঠ। প্রতিদিন বিকেলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। কিন্তু সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় তাদের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের শারীরিক চর্চা ব্যাহত হচ্ছে, অন্যদিকে তারা মোবাইল ও অনলাইন নির্ভর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
বর্তমানে শুধু খেলাধুলা নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু পানি জমে থাকার কারণে এসব কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত হাটবোয়ালিয়া বাজারে ড্রেন নির্মাণ ও ফুটবল মাঠে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হয়ে উঠবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।