স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬| গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়| পৌর প্রশাসক শারমিন আক্তার আক্তারের পক্ষে পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর টুর্নামেন্টের উদ্বোধন করেন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন| বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি| উদ্বোধনের পর মাঠে নেমে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন|
প্রথম দিনেই অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ| মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল দিপুর একমাত্র গোলে জয় তুলে নেয়| অন্যদিকে সুমিরদিয়া পুটি মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল দারুণ ˆনপুণ্য দেখিয়ে জয় পায়, যেখানে মিম জোড়া গোল করেন এবং রাজিয়া ও মনিকা একটি করে গোল যোগ করেন|
পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল দুর্দান্ত খেলায় ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পায় বুজরুক গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে| এই ম্যাচে জিহাদ একাই করেন ৫ গোল, যার মধ্যে ছিল একটি হ্যাটট্রিক; আরবি যোগ করেন আরও একটি গোল| একই দলের বালিকা দলও ২-০ গোলে জয় নিশ্চিত করে, রিয়া ও জান্নাতুলের গোলে|
এছাড়া ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-০ এবং বালিকা দল ২-০ গোলে প্রতিপক্ষকে হারায়| বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-০ ও বালিকা দল ১-০ ব্যবধানে জয় পায় মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে|
দিনের শেষ খেলায় এম.এ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ট্রাইব্রেকারে ১-০ গোলে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়| বালিকা বিভাগে একই দলের মারিয়া, নবাইয়া ও নুসরাত একটি করে গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে|
খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা| পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ| টুর্নামেন্টে পৌর এলাকার ২৫টি বিদ্যালয়ের বালক ও বালিকা দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে| আয়োজকরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন



