স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় দর্শনায় ২ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলার দর্শনা পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে অভিযান চালানো হয়। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে বিভিন্ন দোকান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণ করায় মো. মামুনুর রশিদ এর মেহেক মেডিসিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সামগ্রী সংরক্ষণ করায় মো. জামাল সরকার এর মিঠাই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় আইন মেনে মান সম্মত পণ্য কেনা- বেচা, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় দর্শনায় ২ দোকানীকে জরিমানা



