আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ড্রেন ও ভাঙাচোরা সড়কের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নাগরিক সেবার অভাব ও পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকায় শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই ড্রেন পরিষ্কার ও রাস্তা সংস্কার কার্যক্রম শুরু করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি উপচে রাস্তায় উঠে আসে, অনেক সময় বাসাবাড়ির ভেতরেও ঢুকে পড়ে। ফলে পুরো এলাকা প্রায় বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
এ পরিস্থিতিতে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা সংগ্রহ করে ড্রেন পরিষ্কার ও আংশিক রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ড্রেনের ঢাকনা খুলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে। পাশাপাশি কাঁচা ও ভাঙা অংশে মাটি ও খোয়া ফেলে রাস্তা চলাচলযোগ্য করার চেষ্টা চলছে।
এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পৌরসভা থেকে প্রত্যাশিত নাগরিক সুবিধা পাচ্ছি না। বৃষ্টি হলেই ড্রেনের পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন দুর্ভোগ চরমে পৌঁছে যায়। বাধ্য হয়ে নিজেরাই কাজ শুরু করেছি।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন সংস্কার, রাস্তা উন্নয়ন কিংবা জলাবদ্ধতা নিরসনে পৌরসভার দৃশ্যমান কোনো উদ্যোগ দীর্ঘদিন দেখা যায়নি। ফলে এলাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসীর দাবি, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নত ও টেকসই সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, পর্যাপ্ত সড়কবাতি এবং নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ীভাবে ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন না হলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
আলমডাঙ্গার কলেজপাড়া এলাকায় ড্রেন ও ভাঙাচোরা সড়কে ভোগান্তি চরমেপৌরসভার উদ্যোগ না থাকায় নিজের টাকায় সংস্কারে নামলেন বাসিন্দারা



