আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত স্বপ্ন সুপারশপ-এ মেয়াদোত্তীর্ণ বোতলজাত পানি বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী রাজা আহম্মেদ জানান, গত শনিবার রাত ৮টার দিকে তিনি আলমডাঙ্গা পৌরশহরের স্বপ্ন সুপারশপ থেকে বোতলজাত পানি ক্রয় করেন। পরে বোতলের গায়ে থাকা লেবেল পরীক্ষা করে দেখতে পান, পানিটির মেয়াদ প্রায় এক মাস আগেই শেষ হয়ে গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুনরায় দোকানে গিয়ে আরও কয়েকটি বোতল যাচাই করেন। তার দাবি, সেগুলোর মধ্যেও এক থেকে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে স্বপ্ন সুপারশপটির অপারেশন ম্যানেজার মাহবুব রহমান বলেন, সম্ভবত ভুলবশত মেয়াদোত্তীর্ণ কিছু পানি বিক্রির জন্য শপে রয়ে গেছে। আগে একজন কর্মী এসব পণ্যের দেখভাল করতেন, তিনি সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করছি।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।
আলমডাঙ্গার স্বপ্ন সুপারশপে মেয়াদোত্তীর্ণ পানি বিক্রির অভিযোগ



