স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার মোচাইনগরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার মোচাইনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের ব্রিজপাড়ার হাবিল রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন এবং নিজস্ব একটি ওয়েল্ডিংয়ের দোকান পরিচালনা করতেন।
গাংনী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিমন হোসেন বলেন, মোচাইনগর গ্রামের নওদাপাড়ায় আজিজুল হকের ছেলে আশাবুল হকের দ্বিতীয়তলা ভবনের সিঁড়ির টিন ও লোহার ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোস্তাফিজুর। কাজ করার সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার তার মাথায় স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ১০ সেকেন্ড তিনি তারের সংস্পর্শে ছিলেন। পরে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাফর ইকবাল বলেন, মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমডাঙ্গার মোচাইনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু



