চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় সুগন্ধা পেট্রোল পাম্পে তেল নিতে চরম বিশৃঙ্খলা, বঞ্চিত জরুরি সেবার কর্মীরা

স্টাফ রিপোর্টার
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা শহরতীলর দৌলতদিয়ার সুগন্ধা পাম্পে জ্বালানি সংকটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক গ্রাহক অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তারা তেল পাননি। এ সময় পাম্পের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর চরম গাফিলতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্পে সাধারণ গ্রাহকদের পাশাপাশি সাংবাদিক, ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। তবে সাধারণ মানুষের অভিযোগ, এই বিশেষ লাইনের সুযোগ নিয়ে অনেকে পরিচয় ভাঙিয়ে নিয়ম বহির্ভূতভাবে তেল সংগ্রহ করছেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণ পুলিশের সহযোগিতায় ওই বিশেষ লাইন ভেঙে দেয়। এর ফলে প্রকৃত জরুরি সেবার সঙ্গে যুক্ত অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।
পাম্পে উপস্থিত হাসু নামের এক গ্রাহক জানান, তিনি পানের বরজে ব্যবহারের জন্য জেনারেটরে তেল নিতে এসেছিলেন। তিনি বলেন, “অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র তিনশ টাকার তেল পেয়েছি। এই স্বল্প পরিমাণ তেলে আমার কিছুই হবে না। আমরা যদি চাহিদা অনুযায়ী তেল না পাই তাহলে আমরা মাঠে ফসল ফলাবো কিভাবে?
এদিকে স্থানীয়রা জানায়, জেনারেটারের জন্য তেল নেওয়ার কথা বলে কেউ কেউ তা অন্য কাজে, বিশেষ করে মোটরসাইকেলে ব্যবহার করছেন। যদিও এ অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং লাইনে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।