চুয়াডাঙ্গা নূরনগর কলোনি পাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে জনকল্যাণ পরিষদ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা নূরনগর কলোনি পাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিএডিসি মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রতিন্দন্দ্বীতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে দুই শক্তিশালী দল অল স্টার ক্লাব ও জনকল্যাণ পরিষদ অংশ নেয়। টানটান উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৪-৩ গোলের ব্যবধানে অলস্টার ক্লাবকে পরাজিত করে জনকল্যাণ পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা।
খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। পরে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৪-৩ গোলে অলস্টার ক্লাবকে পরাজিত করে জনকল্যাণ পরিষদ চ্যাম্পিয়ন হয়। সার্বিক আয়োজন করে অল স্টার ক্লাব। ক্লাবটির প্রতিষ্ঠাতা এম এইচ মোস্তফা’র প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুয়েলভ পাওয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ সবুজ। এছাড়াও নান্টু, আলাউদ্দিন, সানোয়ার, লুকমান, সিরাজুল ও শিপলুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলেন। এদিকে জনকল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান বাবুসহ আজিম, আজাদ, জাহিদ, সোলাইমান, ইয়ার আলী, দুখু, তোতা, রানা এবং বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। দর্শকদের সরব উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।