স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন এবং তার কর্মদক্ষতায় ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি ছাত্রদলকে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
মাদকবিরোধী অবস্থান জোরালো করে তিনি বলেন, মাদকের সঙ্গে যার ন্যূনতম সম্পর্ক আছে, তাকে কোনো অবস্থাতেই ছাত্রদলে রাখা যাবে না। একই সঙ্গে তিনি নির্দেশনা দেন, এখন থেকে নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রদলে অন্তর্ভুক্ত করতে হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় সভায় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।
চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ



