দামুড়হুদায় ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কৃষক রক্তাক্ত জখম

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা সদর এলাকায় তেল নিতে এসে নজেলের আঘাতে নস্কর আলী (৬৫) নামে এক কৃষক রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে। আহত নস্কর আলী উপজেলা সদরের দশমীপাড়ার মৃত মুলুক চাঁন্দ দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মাঠে স্যালো মেশিন চালানোর জন্য ৫০০ টাকার ডিজেল নিতে পাম্পে আসেন। কর্মচারী জাহিদুল ইসলাম তাকে সিরিয়ালে দাঁড়াতে বললে তাড়াহুড়ার মধ্যে তিনি নিজেই তেল সাপ্লাই নজেল ধরে ড্রামের মুখে নিতে যান। এ সময় হাত ফসকে নজেলটি তার মাথায় আঘাত করলে কেটে গিয়ে রক্তপাত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাম্প মালিক শাহজান আলী বলেন, এটি কোনো মারামারির ঘটনা নয়। অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির মধ্যে নজেলে লেগে তিনি আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও দুপুরে উভয় পক্ষ দামুড়হুদা মডেল থানা-য় বসে বিষয়টি মীমাংসা করেন।
থানার অফিসার ইনচার্জ মেজবা উদ্দীন বলেন, উভয় পক্ষ একই এলাকার হওয়ায় তারা থানায় বসে সমঝোতায় পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।