আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করলেন ইউএনও পান্না আক্তার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নীলা-শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আয়োজিত এ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
শিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শুকতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ আব্দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, উপজেলার বিভিন্ন মানুষের মাঝে ফুয়েল কার্ড বিতরণে ব্যস্ত থাকা সত্ত্বেও গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজনের কথা শুনে তিনি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, “এত মানুষের সাড়া পাব—ভাবিনি। এখানে এসে আমি অভিভূত। একজন প্রবাসী হয়েও মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষ অনেক বেশি উপকৃত হবে। পাশাপাশি তিনি শুকতারা ফাউন্ডেশনের কার্যক্রমের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আদ-দ্বীন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার রবিউল হক এবং আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শুকতারা ফাউন্ডেশনের পরিচালক শেখ আবু জাফর, যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ডা. নাজনীন মাহমুদ ও শেখ আব্দুল জব্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ সাইফুল ইসলাম। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শিবিরে প্রায় ৯০০ রোগী নিবন্ধন করেন। এর মধ্যে অপারেশনের উপযুক্ত ১৯০ জন রোগীকে যশোরের আদ-দ্বীন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।